বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।
বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হলো বলে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, বিশেষত বড় ধরনের জনসমাগমপূর্ণ জায়গায় এ হামলার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। নতুন সতর্কটি আগেরটির জায়গায় প্রযোজ্য হবে এবং আগামী ১ মে পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, (বাংলাদেশে) অনেকগুলো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এ ছাড়া লেখক, প্রকাশক, গণমাধ্যমের ওপর হামলা ও হুমকির অনেকগুলো ঘটনাসহ একজন মার্কিন নাগরিক ব্লগারকে খুনের ঘটনায় দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখার প্রতিনিধিত্বকারী দাবিদার কয়েকটি সংগঠন।
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার সন্ত্রাসী হামলার হুমকি মূল্যায়ন করে দেখেছে তা যথার্থ ও বিশ্বাসযোগ্য এবং আরও হামলার আশঙ্কা রয়েছে।’