বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে দেশটির সরকার। গুলশানে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলাসহ সাম্প্রতিক হামলাগুলোর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসের হুমকি বাস্তব এবং বিশ্বাসযোগ্য বলে নির্ণয় করতে পেরেছে যুক্তরাষ্ট্র সরকার। এতে আরও বলা হয়, ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে কর্তৃপক্ষ তা অনুমোদন করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর জনসমাগম হয়—এমন স্থাপনা বা জায়গা ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। সেই সঙ্গে হেঁটে কিংবা মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা বা অন্য কোনো অরক্ষিত যানবাহনে চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া তাঁদের বড় কোনো জনসমাগমেও শরিক হতে নিষেধ করা হয়েছে।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাই জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ছিলেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে।