বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল যুক্তরাষ্ট্র ও ইতালির
যুক্তরাষ্ট্র ও ইতালি তার দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে চলাফেরায় সতর্কতার বিষয়টি কিছুটা শিথিল করেছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে দেশ দুটি তার নাগরিকদের উচ্চ সতর্কতা বজায় রেখে যার যার অবস্থানে থাকার পরামর্শ দিয়েছিল। অতি জরুরি কারণ ছাড়া চলাফেরা বন্ধ রাখতে বলেছিল। গত বৃহস্পতিবার উচ্চ সতর্কতা বজায় রেখে চলাফেলার পরামর্শ দিয়েছে।
তবে যুক্তরাজ্য সরকার তাদের ওয়েবসাইটে ফরেন ট্রাভেল অ্যাডভাইজে বাংলাদেশে সন্ত্রাসবাদের উচ্চ হুমকি আছে বলে উল্লেখ করেছে। বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের লো প্রোফাইলে বা অতি সাধারণভাবে চলাফেরা করা এবং সবার জন্য উন্মুক্ত স্থানে চলাফেরা না করতে বলা হয়েছে।
কানাডা ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা বজায় রাখার বিষয়টি এখনো অব্যাহত রেখেছে। পরবর্তী সতর্কবার্তা প্রকাশ না করা পর্যন্ত দেশ দুটি তাদের নাগরিকদের সতর্কতা বজায় রেখে চলাফেরার নির্দেশ দিয়েছে।
গত সোমবার রাজধানীর গুলশানে ইতালি নাগরিক সিজার তাবেলা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পরদিন মঙ্গলবার যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়।