বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট স্টেশন স্থাপন করবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আরও সহজলভ্য এবং আন্তর্জাতিকমানে উন্নীত করতে বাংলাদেশ মহাকাশে সম্প্রচারণ সুবিধা-সংবলিত স্যাটেলাইট স্টেশন স্থাপন করবে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বিষয়ে গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।মন্ত্রী বলেন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন আরও বেগবান করার জন্য মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট সময়ের দাবি। তিনি বলেন, প্রয়োজনে পিপিপির আওতায় এ কর্মসূচির বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, প্রস্তাবিত এ স্যাটেলাইট বাস্তবায়নে প্রায় তিন বছর সময় এবং প্রায় ২০০ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী, স্পার্সো চেয়ারম্যান মুজিবুর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।