বাংলাদেশ-মালদ্বীপ যৌথ কমিশন হচ্ছে
দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাণিজ্য, অর্থনীতি ও মৎস্য খাত বিষয়ে তিনটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার কাজী সারওয়ার হোসেন আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। খবর বাসসের।
এ সময় হাইকমিশনার মালেতে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। হাইকমিশনার রাষ্ট্রপতিকে জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে ৬৭ জনের বেশি ডাক্তার নিয়োগ দেবে।
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে কাজী সারওয়ার হোসেন বলেন, হাইকমিশন মালদ্বীপ সরকারের কাছ থেকে পাওয়া এমপ্লয়মেন্ট অনুমোদন প্রত্যয়ন শুরু করেছে। হাইকমিশনের ওয়েবসাইট চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে হাইকমিশন একটি ফ্রি-ফ্রাইডে ক্লিনিক ও একটি কমিউনিটি ক্লাব স্থাপন করেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অব্যাহত কাজ করার জন্য হাইকমিশনারকে নির্দেশ দেন। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি।