বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ভারসাম্যহীন: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চূড়ান্ত বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে। বাণিজ্য ভারসাম্য যতটুকু আছে, সেটা রয়েছে মালয়েশিয়ার পক্ষে।
আজ রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশভিত্তিক ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ মালয়েশিয়ার ওপর আলোচনা হয়।
আলোচনা সভায় এই বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করার জন্য দুই দেশের যৌথ প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
দীপু মনি জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এ ছাড়া আশিয়ান জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হলো মালয়েশিয়া।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওসম্যান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা স্বীকার করে বলেন, বাংলাদেশ অসম্ভব সম্ভাবনাময় একটি দেশ। তবে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়হীনতা আছে। এ দেশের নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আকর্ষণ করাটা এখানে কঠিন। যোগাযোগ পরিকাঠামোর দুর্বলতা একটা বড় কারণ। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে কিছু নেতিবাচক ধারণাও দায়ী। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভালো দক্ষতা আছে। তবে সেটির প্রচার নেই। বরং দুর্যোগের দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি আছে। বাংলাদেশের সক্ষমতাগুলো সম্পর্কে বহির্বিশ্বে ইতিবাচক প্রচারণার ওপর জোর দেন তিনি।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাণিজ্যঘাটতি থাকলেও সম্প্রতি এর কিছু উন্নয়নও হয়েছে। গত বছর বাংলাদেশ থেকে ৮৫ শতাংশ রপ্তানি বেড়েছে। তা সত্ত্বেও ভারসাম্য আসেনি। পণ্য রপ্তানির ক্ষেত্রে আরও বৈচিত্র্য আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান তিনি।
বিসের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল শফিউদ্দিন আহমেদ।