বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্রসচিব বৈঠক আজ ঢাকায়
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন-প্রক্রিয়া ফের কবে শুরু হবে সে ব্যাপারে মিয়ানমারের কাছে সুনির্দিষ্ট সময়সীমা জানতে চাইবে বাংলাদেশ। আজ রোববার ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে আস্থার সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী থান খিয় দুই পক্ষের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বৈঠকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন শুরু, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা ও ইয়াবা চোরাচালান বন্ধের মতো অমীমাংসিত বিষয়গুলো ঢাকা গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।
কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে ঠাঁই নেওয়া প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মিয়ানমারের তিন থেকে পাঁচ লাখ অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্য আর্থসামাজিক সমস্যা সৃষ্টি করেছে। মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া ফের শুরু করতে ২০১০ সালে তৈরি ছিল। কিন্তু ওই বছরের জুনে রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত শুরু হলে ফের থমকে পড়ে শরণার্থী প্রত্যাবাসন-প্রক্রিয়া।