বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ জরিপ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ জরিপ চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমান বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে গত ২১ জানুয়ারি থেকে এ জরিপ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত আশারতলী-চাকঢালা সীমান্তে প্রায় তিন কিলোমিটার জরিপকাজ সম্পন্ন করা হয়। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে ২৭২ কিলোমিটার। এর মধ্যে বিজিবি কক্সবাজার সেক্টরের অধীনে রয়েছে ১৪৪ কিলোমিটার।

সীমান্তে যৌথ জরিপের সত্যতা নিশ্চিত করে বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দুই দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এই যৌথ জরিপ চলছে। বাংলাদেশের চারজন এবং মিয়ানমারের আটজন সার্ভেয়ার যৌথ দলে যুক্ত রয়েছেন। আগামী মে মাস পর্যন্ত এ জরিপ চলবে। এ সময় সীমান্তের বিভিন্ন স্থানে ২৭টির বেশি সীমানাখুঁটি সংস্কার ও স্থাপন করা হবে।