বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে লিয়াজোঁ অফিস খোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সমস্যা ও সংকট নিরসনে দুই দেশের মধ্যে একটি লিয়াজোঁ অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান এ তথ্য জানান।
সেক্টর কমান্ডার জানান, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ১৪৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির পরিকল্পনা চলছে। এর ফলে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশরোধের পাশাপাশি ইয়াবাসহ মাদক চোরাচালানও রোধ করা সম্ভব হবে। সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে মিয়ানমারের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য সীমান্তে উভয় দেশের মধ্যে একটি লিয়াজোঁ অফিস খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। মিয়ানমারের সম্মতি পাওয়া গেলে এ বিষয়ে শিগগিরই কাজ শুরু হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার।