বাংলাদেশ মেডিকেলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ ও বাংলাদেশ ডেন্টাল কলেজের শিক্ষক-ছাত্ররা দুই কর্মচারীকে চাকরিচ্যুত না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে প্রতিষ্ঠান তিনটির একাধিক শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে বলেছেন, ৩ ফেব্রুয়ারি বেতন দিতে দেরি হওয়ার অভিযোগ তুলে কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক শওকত ইকবাল বাংলাদেশ মেডিকেলের অধ্যক্ষ তৈমুর নেওয়াজকে গালিগালাজ করেন ও তাঁকে কক্ষে আটকে রাখেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকদেরও হেনস্তা করেন। পরদিন হাসপাতালের পরিচালক আবদুর রব সর্দারের কক্ষেও তালা মেরে দেন।
অভিযোগের ব্যাপারে আবু সাঈদ মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, তিনি ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
সূত্র জানায়, সম্প্রতি সরকারি নির্দেশে কলেজ ও হাসপাতালের আয়-ব্যয়ের হিসাব আলাদা করা হয়েছে। হিসাব পৃথক করার পর কর্মচারী-কর্মকর্তাদের বেতন দিতে দুদিন দেরি হয়। এ অজুহাতে কর্মচারী নেতারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেন।