বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে আইএমওর সেক্রেটারি জেনারেল
বিশ্বের সমুদ্র বাণিজ্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল ও ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির চ্যান্সেলর ইফথিমিওস ই মিট্রোপোলাস গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেছেন।মিট্রোপোলাস বাংলাদেশ মেরিন একাডেমিকে পূর্ণাঙ্গ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের তরুণ সমাজ মেরিটাইম খাতে যোগ দিয়ে এ শিল্পকে সমৃদ্ধ করছে। সকালে তিনি একাডেমিতে আসেন এবং ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল মান্নান হাওলাদার, একাডেমির কমান্ডার সাজিদ হোসেন ও আইএমওতে কর্মরত সিনিয়র টেকনিক্যাল অফিসার ক্যাপ্টেন মঈনউদ্দিন আহমেদ।কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্যে আইএমওর সেক্রেটারি জেনারেল বলেন, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্প একটি সম্ভাবনাময় শিল্প। তবে এ শিল্প দ্বারা জলবায়ু পরিবর্তনের মতো ক্ষতিকর বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। তিনি সমুদ্রে কর্মরত অবস্থায় মারা যাওয়া ২৫ বাংলাদেশি নাবিকের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করেন।বাংলাদেশ মেরিন একাডেমি ১৯৯০ সাল থেকে ওয়ার্ল্ড মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শাখা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।