বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপের মূল আলোচনা আজ
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের লক্ষ্যে চতুর্থ অংশীদারত্ব সংলাপ গতকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে। তবে আজ শুক্রবার বৈঠকের দ্বিতীয় দিনে হবে প্ল্যানারি সেশন। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের নেতৃত্বে এই আলোচনায় সম্প্রতি শেষ হওয়া সিটি করপোরেশনের প্রসঙ্গটি আসার কথা রয়েছে।
অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ওয়েন্ডি শারমেন এবং মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল ঢাকায় আসেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ওয়েন্ডি শারমেন এ সফরের সময় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি-সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার পরিকল্পনা করছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিনি এবারের সফরে শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক চর্চা এবং এ চর্চার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিতে পারেন। দুই দেশের সম্পর্ক প্রাতিষ্ঠানিকভাবে সম্প্রসারণের জন্য ২০১২ সাল থেকে প্রতিবছর অংশীদারত্ব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত তিনটি বৈঠকে যেসব খাতে আলোচনা হয়েছে এবারও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ফলে নতুন করে কোনো বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে না। দুই দেশের বিভিন্ন বিষয়ের সহযোগিতার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সাহায্য, নিরাপত্তা ও মানুষে মানুষে যোগাযোগ গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষই উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা—এ তিনটি ক্ষেত্রে আলোচনায় বিশেষ গুরুত্ব দেবেন।
এ ছাড়া গতকাল শুরু হওয়া গুচ্ছ আলোচনায় বিনিয়োগ পরিবেশ, জ্বালানি, শ্রমের অধিকার ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে।
গত বছর অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত অংশীদারত্ব সংলাপে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নাগরিক সমাজের গুরুত্ব, আইনের শাসনের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিবাসন ও রোহিঙ্গা শরণার্থীদের অধিকার, বিজ্ঞান ও প্রযুক্তি, শ্রমের অধিকার ও শান্তিরক্ষা নিয়ে আলোচনা হয়।
সন্ত্রাস দমনের কৌশল জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে বিশ্বব্যাপী সন্ত্রাস ও চরমপন্থা মোকাবিলায় কৌশল জানতে চেয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, সন্ত্রাস দমনে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। তাদের কোনো সীমানা এবং অঞ্চল নেই।’ এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, পররাষ্ট্রসচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।
ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ সম্পর্কে শেরমান বলেন, যুক্তরাষ্ট্রেও নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে। তবে সরকার সব সময়ই পরবর্তী নির্বাচন ভালোভাবে আয়োজনের চেষ্টা করে। বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে কিছু ছোটখাটো অনিয়ম হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শারমেন বিএনপির নির্বাচন বর্জনকে খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।