বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ আজ ওয়াশিংটনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারি সংলাপ আজ মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হচ্ছে। দুই দিনের বৈঠকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন দুই দেশের নেতৃত্ব দেবেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই হবে দুই দেশের মধ্যে জ্যেষ্ঠ পর্যায়ে প্রথম আলোচনা। ফলে আলোচ্যসূচির পাশাপাশি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গণতন্ত্র ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা এ তিনটি বৃহৎ ক্ষেত্র নিয়ে অংশীদারি সংলাপে কথা বলবেন দুই দেশের কর্মকর্তারা। এ তিনটির ক্ষেত্রের মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আইনের শাসন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ পরিবেশ ও আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া শ্রমিকের অধিকার, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, আইনশৃঙ্খলা বাহিনী, সামুদ্রিক অর্থনীতি, অভিবাসন ও রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন, শিক্ষা, সংস্কৃতি বিজ্ঞান, প্রযুক্তি এবং নাগরিক সমাজের বিষয় নিয়েও আলোচনা হবে।