বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ ঢাকায় শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অংশীদারি সংলাপ আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে। দুদিনের এ বৈঠকে উন্নয়ন, সুশাসন, বাণিজ্য-বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। চলমান রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। সংলাপে নেতৃত্ব দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন আজ তিন দিনের সফরে ঢাকায় আসছেন। সংলাপের প্রথম বৈঠকটি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি ওয়েন্ডি শারমেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাল সোমবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া কাল বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমমান নিয়ে শ্রমিকনেতা, মালিক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমেরিকান ক্লাবে মতবিনিময় করবেন ওয়েন্ডি শারমেন। সাভারে রানা প্লাজা ধসের পরিপ্রেক্ষিতে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধাকে (জিএসপি) কেন্দ্র করে এবারকার যৌথ অংশীদারি সংলাপে তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না। এ ছাড়া দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পরিবেশ খাতে সহযোগিতার বিষয়ে তিনটি সহযোগিতা স্মারক ও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সংশোধিত চুক্তি সইয়ের কথা ছিল। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে চুক্তিটির ব্যাপারে দুই পক্ষ মতৈক্যে পৌঁছেছিল। কিন্তু মন্ত্রিসভার অনুমোদন না পাওয়ায় এটি সই হচ্ছে না। ২০১২ সালের মে মাসে হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে যৌথ অংশীদারি চুক্তি সই হয়। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, দ্বিতীয়বারের এ বৈঠকের বিশেষত্ব হচ্ছে, এবারই প্রথমবারের মতো বেসরকারি খাত এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হচ্ছে।