বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আট দিনব্যাপী যৌথ অনুশীলন শুরু
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে আট দিনব্যাপী ‘এক্স কোপ সাউথ-২০১০’ শীর্ষক এক যৌথ অনুশীলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় এবং সিলেটের সালুটিকা এলাকায় এই অনুশীলন শুরু হয়। খবর বাসসের।অনুশীলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মধ্যে আন্তসমতা বাড়ানো, দুটি দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সমন্বয়ে আকাশ থেকে বিদ্যমান সরবরাহব্যবস্থার উন্নয়ন, মার্কিন বিমানবাহিনীর সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকদের দিনে ও রাতে নাইট ভিশন গগলসের মাধ্যমে নিচ দিয়ে উড্ডয়ন প্রশিক্ষণ, প্রশিক্ষণকালে ব্যবহূত বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা মূল্যায়ন এবং এর উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এ জাতীয় কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর যেসব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় করা, বাংলাদেশের সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা ইত্যাদি।গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ৩৬ এয়ার লিফট স্কোয়াড্রন ও প্যাসিফিক এয়ারফোর্সের ৬৫ জন সদস্য অংশ নিচ্ছেন।অনুশীলনের মধ্যে থাকবে প্যারা ড্রপ ও প্যারা জাম্প, নাইট ভিশন গগলসের মাধ্যমে নিচ দিয়ে উড্ডয়ন ও অবতরণ, বিমানের সাহায্যে উদ্ধার তৎপরতা, প্যারা রেসকিউ এবং ককপিট রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে তাত্ত্বিক আলোচনা। ‘এক্স কোপ সাউথ-২০১০’ শেষ হবে ২৪ সেপ্টেম্বর।