বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চতুর্থ নিরাপত্তা সংলাপ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ নিরাপত্তা সংলাপ। সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতাসহ আঞ্চলিক সহযোগিতা এবং প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবে এ দুই দেশ। খবর ইউএনবির।
বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলছে, সাইবার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামরিক সহযোগিতা ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মতো ইস্যুতে সংলাপে আলোচনা হবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক জোরদার হবে বলে আশা করছে বাংলাদেশ।
সংলাপে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংলাপে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমান।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ১৯ এপ্রিল ওয়াশিংটনে। সেখানেই ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংলাপ। তৃতীয়টি হয় গত বছর ২২ এপ্রিল ঢাকাতে।