বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জঙ্গিবাদ রুখতে সহযোগিতা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো হবে। মাল্টায় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে গত বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ আগ্রহ প্রকাশ করেছেন। খবর বাসসের।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠককালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সহিংস চরমপন্থার উত্থানে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা তাদের সহিংস কর্মকাণ্ড বিশ্বব্যাপী বিস্তারে তৎপর হওয়ায় তা একটি অভিন্ন হুমকিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে সব দেশকে সজাগ হতে হবে। সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির প্রশংসা করেন ফিলিপ হ্যামন্ড।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংস কার্যক্রমগুলোতে বিএনপি-জামায়াত জোট জড়িত, এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, এর লক্ষ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠিত ইতিবাচক ভাবমূর্তিকে ম্লান করা। দেশের জনগণের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম দিনে নিয়মিত বৈঠকে অংশ নেন। মন্ত্রীরা জাতিসংঘের সম্প্রতি গৃহীত নতুন উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং তা বাস্তবায়নের উপায়সহ উন্নয়ন ইস্যুতে বক্তব্য দেন।
এদিকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনব্যাপী কমনওয়েলথ উইমেন্স ফোরামের বৈঠকে যোগ দিয়েছে।