বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ ১১ সেপ্টেম্বর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ নিরাপত্তা সংলাপ ১১ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর ইউএনবির।
ডেভিড মিল গতকাল ঢাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকার এবং সামরিক কর্মকর্তারা আসন্ন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপের জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন। ১১ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।’
ওই নিরাপত্তা সংলাপে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র চলে গেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে উচ্চপর্যায়ে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার সুস্পষ্ট পথ তৈরি হবে।
এর আগে গত বছরের ২২ এপ্রিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামরিক-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী টম কেলি ও বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্রসচিব মোস্তফা কামাল দুই দেশের প্রতিনিধিত্ব করেন। বার্ষিক এই নিরাপত্তা সংলাপে মূলত দুই দেশের সরকারের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের ওপরে আলোকপাত করা হয়ে থাকে। পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির বিষয়টিও সংলাপে গুরুত্ব পায়। সমুদ্রসীমায় নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী তৎপরতা, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা মিশন, আইনশৃঙ্খলা রক্ষা, যৌথ সামরিক মহড়া ও বিনিময় এবং অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে ক্রমবর্ধমান অংশীদারত্ব গড়ে তুলতে এই নিরাপত্তা সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।