বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ ২২ এপ্রিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় নিরাপত্তা সংলাপ ২২ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে। দুই দিনের এ সংলাপে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, নিরাপত্তা ও মানবিক সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিকবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী টম কেলি।
নিরাপত্তা সংলাপ উপলক্ষে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত নিরাপত্তা সংলাপের সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে গতকালের সভায়। আগামী সপ্তাহে অনুষ্ঠিত তৃতীয় নিরাপত্তা সংলাপে রাজনৈতিক ও সামরিকবিষয়ক সহযোগিতা, যৌথ মহড়া, প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রথম নিরাপত্তা সংলাপ ২০১২ সালের এপ্রিলে ঢাকায় এবং দ্বিতীয় নিরাপত্তা সংলাপ ২০১৩ সালের এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।