বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌ মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ নৌ মহড়া গতকাল বুধবার শুরু হয়েছে। মহড়া চলবে পাঁচ দিন।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিসের (এসএমডব্লিউটি) সম্মেলনকক্ষে এক্সারসাইজ কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট)-২০১৫ নামে পরিচিত এই যৌথ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়াম। বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে চার্লস উইলিয়াম বলেন, ‘২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে এই মহড়া হয়ে আসছে। প্রতিবছর অনুশীলনে নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে। এই মহড়ায় দুই দেশের নৌবাহিনীর সদস্যরা শিখছেন। আবার দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। দুই পক্ষের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। এতে সম্মিলিতভাবে সামুদ্রিক অঙ্গনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উভয় পক্ষের সুবিধা হবে।’
আখতার হাবিব বলেন, এই মহড়া শুধু দুই বাহিনীর মধ্যে নয়, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘বিগত বছরের মতো এবারের মহড়াও মূল উদ্দেশ্য অর্জনে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফোর্ট ওয়ার্থ ও ইউএসএনএস সেফগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু, সমুদ্র জয়, আবু বকর, বিজয়, দুর্জয়, ধলেশ্বরী, শাহজালাল, বিএনটি খাদেম মহড়ায় অংশ নিয়েছে।