
ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগ ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেনাদলের (ইউএস আর্মি প্যাসিফিক) এক যৌথ অনুশীলন চলছে। ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ-২০১৫ শীর্ষক যৌথ অনুশীলনটি গত রোববার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর শেষ হবে।
গতকাল সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম ও ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল গ্রেগরি সি বিলটন বক্তব্য দেন। এ অনুশীলনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিসহ ১৫০ জন অংশ নিচ্ছেন। অনুশীলনের প্রতিপাদ্য হচ্ছে ঢাকা শহরের ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় সব সংস্থার কার্যক্রম অনুশীলন ও যথার্থতা যাচাই। এর মাধ্যমে ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি, অনুশীলনে অংশগ্রহণকারী সব সহযোগী সংস্থার কর্মপদ্ধতির সমন্বয়, পারস্পরিক ধারণা বৃদ্ধি, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সংস্থার কার্যকারিতা যাচাই সম্ভব হবে।
অনুশীলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বিভিন্ন টেবিল টপ এক্সারসাইজের মাধ্যমে শেষ হয়েছে। অনুশীলনে অংশগ্রহণকারীরা মোট সাতটি দলে বিভক্ত হয়ে ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার অভিযান, নিড অ্যাসেসমেন্ট, রিলিফ ম্যানেজমেন্ট, দেশি-বিদেশি সাহায্যকারী সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ, মেডিকেল টিম গঠন ও তাদের দায়িত্ব ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
আজ ও কাল বুধবার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অনুশীলনের সমাপনী অনুষ্ঠান হবে বৃহস্পতিবার আর্মি গলফ ক্লাবে।