বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা সংলাপ শুক্রবার
চতুর্থ নিরাপত্তা-সংক্রান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সংলাপ আগামী শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আলোচনায় অংশ নিতে পররাষ্ট্রসচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবে। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের রাজনৈতিক সামরিক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টড সি. চ্যাপম্যান। সংলাপে আঞ্চলিক সহযোগিতা, প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ-বিরোধিতা, সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
২০১২ সালের ১৯ এপ্রিল ঢাকায় প্রথমবারের মতো নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রথম যৌথ সংলাপে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এক বছর ঢাকায় ও পরের বছর ওয়াশিংটনে এ সংলাপ আয়োজিত হয়ে আসছে।