বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া শুরু ১৯ সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ অনুশীলন টাইগার সার্ক-৪ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া চলবে। মহড়ায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী এবং সীমিত আকারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কোস্টগার্ড, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বাংলাদেশ পুলিশ সম্মিলিতভাবে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে অংশ নেবে। বাংলাদেশের পক্ষে প্রায় ৫০০ সদস্য, কয়েকটি হেলিকপ্টার ও নৌজাহাজ এবং মার্কিন বাহিনীর প্রায় ৩৫০ জন সদস্য, কয়েকটি বিমান, হেলিকপ্টার ও নৌজাহাজ অংশ নেবে।এই মহড়া প্রধানত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালে ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর মহড়া-সংশ্লিষ্ট এলাকায় কয়েকটি হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করবে। মহড়ার অংশ হিসেবে প্রাক-মহড়া প্রস্তুতি এবং অনুশীলনের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য মার্কিন সেনাসদস্যরা তাঁদের বিমান ও হেলিকপ্টারসহ আজ থেকে চট্টগ্রামে পৌঁছাতে শুরু করবেন।এই যৌথ মহড়ায় বাংলাদেশের পক্ষে একজন কমোডর পদবির কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষে একজন রিয়ার অ্যাডমিরাল পদবির কর্মকর্তা নেতৃত্ব দেবেন। অনুশীলনের উদ্দেশ্য ও লক্ষ্য যথাযথ অর্জনের জন্য একজন মেজর জেনারেল পদবির কর্মকর্তা সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। আইএসপিআর।