বাংলাদেশ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে হারা যাবে না।

‘জঙ্গিবাদের উত্থানে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল শনিবার এই সভার আয়োজন করে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাসানুল হক বলেন, রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতি ধ্বংস করতে জঙ্গিরা বাংলাদেশের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তিন হাজার বছরের সংস্কৃতি, ৮০০ বছরের ইসলাম আর স্বাধীনতার মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ ধ্বংস করতে চায় জঙ্গিরা। এই যুদ্ধে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। এই যুদ্ধে জিততে হলে শুধু জঙ্গিদের নয়, তাদের পৃষ্ঠপোষকদেরও ধ্বংস করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোও এই সমস্যায় হিমশিম খাচ্ছে। গুলশান, শোলাকিয়ায় আমরা হোঁচট খেয়েছি। কিন্তু আমরা হারব না।’