
ভারতের লোকসভার সদস্য ও দেশটির বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন। এখানে আসার আগে সে দেশের রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার ও কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষকে জানাতে বলেছেন, ভারত বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশের যেকোনো সমস্যা যেন সঙ্গে সঙ্গে ভারতকে জানানো হয়।
গতকাল রোববার বিকেলে নিউ ইস্কাটনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অভিজিৎ মুখার্জি এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের পাশে বন্ধুর মতো থাকতে চায়, বড় ভাইয়ের মতো নয়।’
বাংলাদেশে ঘটা সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রতি ইঙ্গিত করে ভারতের এই আইনপ্রণেতা বলেন, আগুন দেওয়া হবে, হুমকি দেওয়া হবে। এর মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেল। তিনি বলেন, ভারত-বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটে। এক-দুজন মারা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৫০ জন মারা যায়।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ার নানা জটিলতার কথা উল্লেখ করে অভিজিৎ মুখার্জি বলেন, ‘এ সমস্যার সমাধান হওয়া উচিত। যত আদান-প্রদান হবে, তত ভুল ধারণাগুলো দূর হবে। পাশাপাশি রাষ্ট্রগুলো এক থাকতে পারলে অনেক ভালো কিছু করা সম্ভব।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি এ কে আজাদ চৌধুরী। বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মৈত্রী সমিতির উপদেষ্টা আমীর-উল-ইসলাম, সাধারণ সম্পাদক সুবীর কুশারী, রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।
অনুষ্ঠান শেষে আলাপকালে প্রণবপুত্র বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় কারণে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, এমনটা মনে করি না। যে হামলা হচ্ছে, সেগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের ওপরও হচ্ছে। একটি গোষ্ঠী তাদের উদ্দেশ্য বা মতের জন্য করছে। ধর্মের ভিত্তিতে সম্পর্ক নষ্ট করার চেষ্টা হচ্ছে। এটি উপেক্ষা করা উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীও সাম্প্রতিক হত্যাগুলো নিয়ে খুবই চিন্তিত। তবে তিনি ব্যবস্থা নিচ্ছেন।’