জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন সমিতির তিন দিনব্যাপী ৩৩তম বার্ষিক সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্পকারখানা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্রে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈঠক হয়। বৈঠকে জাতীয় পর্যায়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন এবং শিল্পক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের লক্ষ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি পরীক্ষা-নিরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের একটি গবেষণাগার স্থাপনের ব্যাপারে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত হয়।বাংলাদেশ চিনিশিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ এস সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি জসীম উদ্দিন আহমদ, পরিবেশ বিজ্ঞানী সৈয়দ সফিউল্লাহ, বিসিএসআইআরের উৎপাদন ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজার) সুফিয়া আমিরুল প্রমুখ উপস্থিত ছিলেন।