পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে চূড়ান্ত সহযোগিতা চুক্তি সই হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাত দফার এ চুক্তি সই হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে রাষ্ট্রীয় পরমাণু করপোরেশনের (রোসাটম) প্রধান সের্গেই ভি কিরিয়েনকো চুক্তিতে সই করেন।চুক্তি অনুযায়ী রূপপুরে দুটি ইউনিটে মোট দুই হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে। এতে আনুমানিক ব্যয় হবে ১৫০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার, যা রাশিয়া রাষ্ট্রীয় ঋণ হিসেবে জোগান দেবে। এ ঋণ-সহায়তার বিষয়ে শিগগিরই আরেকটি চুক্তি হবে। আগামী বছরের শেষ দিকে কেন্দ্রটি স্থাপনের কাজ শুরু হয়ে শেষ হতে সময় লাগবে পাঁচ বছর।চুক্তি সইয়ের পর বঙ্গবন্ধু নভোথিয়েটারের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে ইয়াফেস ওসমান বলেন, এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির বাস্তবায়ন অনিবার্য হলো। এ প্রকল্প সামগ্রিকভাবে দেশের পরমাণু বিজ্ঞান ও প্রযুুক্তির অগ্রগতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।সংবাদ ব্রিফিংয়ে সের্গেই কিরিয়েনকো বলেন, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থাসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহূত হবে। রাশিয়া এই কেন্দ্রের পুরো আয়ুষ্কালজুড়ে জ্বালানি সরবরাহ করবে এবং সবচেয়ে বিপজ্জনক বর্জ্য (স্পেন্ট ফুয়েল) নিজ দেশে নিয়ে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রকল্পের নিরাপত্তাব্যবস্থা হবে বিশ্বমানের এবং নিশ্চিন্ত থাকার মতো। চার হাজার মেট্রিক টন ভর বেগে কোনো উড়োজাহাজ এই কেন্দ্রের ওপর আছড়ে পড়লেও এর কোনো ক্ষতি হবে না। জাপানের ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটির নকশা এবং প্রযুক্তি ৪০ বছর আগের। তার পরও ভূমিকম্প ও সুনামি একসঙ্গে আঘাত না করলে কেন্দ্রটিতে বিপর্যয় ঘটত না।কিরিয়েনকো বলেন, রূপপুরে যে ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে, রোসাটম বর্তমানে রাশিয়া ও অন্যান্য দেশে সে রকম ২৯টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ করছে।সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সাংসদ শামসুর রহমান শরিফ, আইসিটি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব আবদুর রব হাওলাদার, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি ট্রটশেঙ্কো, রাশিয়ার প্রতিনিধিদলের সদস্য ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।