বাংলাদেশ রুখে দাঁড়াও-এর সমাবেশ আজ
বাংলাদেশের ৩৩ জন প্রগতিশীল বুদ্ধিজীবীর আহ্বানে পাঁচ দফা দাবিতে প্রতিষ্ঠিত সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর উদ্যোগে আজ শুক্রবার সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হবে। বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশসহ দেশের বরণ্যে ব্যক্তিরা এ সমাবেশে উপস্থিত থাকবেন। সমাজের প্রতিটি সচেতন মানুষকে এ কর্মসূচিতে অংশ নিতে সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য আবদুল আজিজ অনুরোধ জানিয়েছেন। আয়োজকেরা জানান, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, সাম্প্রদায়িক সহিংসতা রোধ করা ও আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া ও মুক্তচিন্তার পথ খোলা রাখা এবং তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করে নারীর অধিকার সমুন্নত রাখা—এই পাঁচ দফা দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছে।