বাংলাদেশ লেখক ঐক্যের ১৮ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপিরাইট ও লেখক-সম্মানী বিষয়ে গ্রন্থ প্রকাশক, বাণিজ্যিক পত্রিকা ও সরকারের কাছে মোট ১৮টি প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ লেখক ঐক্য। আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি রাখাল রাহা।

সংবাদ সম্মেলনে গ্রন্থ প্রকাশকের ক্ষেত্রে, বাণিজ্যিক পত্রিকায় লেখা প্রকাশের ক্ষেত্রে, সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকাশনায় লেখা প্রকাশের ক্ষেত্রে এবং রাষ্ট্র ও সরকারের কাছে এরূপ চারটি বিষয়ে দাবি জানানো হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গ্রন্থ প্রকাশের আগে অবশ্যই রাষ্ট্রীয় স্ট্যাম্পে লেখকের সঙ্গে চুক্তি হতে হবে, লেখকের কাছে টাকা নিয়ে প্রকাশক বই প্রকাশ করতে পারবেন না, লেখক বা অনুবাদকদের সম্মানী ও বই প্রকাশের এক মাসের মাথায় লেখকের কাছে বই পৌঁছে দেওয়া। এ ছাড়া চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে বই বিক্রির হিসাব দেওয়া, বই ছাপানোর প্রথম থেকে কপি নম্বর দেওয়া, ভিন্ন ভাষার বইয়ের ক্ষেত্রে মূল লেখক বা প্রকাশকের অনুমতি নেওয়া, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকার লেখক সম্মানীর হার পুনর্নির্ধারণ করাসহ মোট ১৮টি দাবি তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশ লেখক ঐক্যের সহসভাপতি আরশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সদস্য জাহানারা নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।