বাংলাদেশ শান্তি ও সৌহার্দ্যের দেশ হিসেবে পরিচিত হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে শক্ত হাতে দমন করার ফলে বাংলাদেশ আবার শান্তি ও সৌহার্দ্যের দেশ হিসেবে পরিচিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি উদার গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন, এখন সব সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছে। তিনি গতকাল শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী, বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন ও কঠিন চীবরদান অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে বিশ্বে পরিচিত করে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। আমরা এবার দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস দূর করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছি।’বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামতি গৌতম বুদ্ধের অহিংসার বাণী অনুসরণ করে দেশের অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।পরে শেখ হাসিনা বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধম্মাসেন মহাথেরোর কাছে কঠিন চীবর হস্তান্তর ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় তাঁকে অনুষ্ঠানে মহামতি বুদ্ধের একটি মূর্তি উপহার দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী ফলক উন্মোচন করে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ধম্মাসেন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাংসদ এ কে এম রহমতউল্লাহ ও বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত জ্যাং জিয়ানিও বক্তৃতা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি বিশ্বপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, কঠিন চীবরদান ও জাতীয় বুড্ডিস্ট ধর্মীয় মহাসমাবেশ উদ্যাপন কমিটির চেয়ারম্যান দিব্যেন্দু চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং আন্তর্জাতিক বুড্ডিস্ট মঠের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরোও বক্তৃতা করেন। বাসস।