বাংলাদেশ-সংক্রান্ত তথ্য সঠিক: টিআইবি
বাংলাদেশ-সংক্রান্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সঠিক বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে দুর্নীতির অবস্থা সম্পর্কে উত্তরদাতারা যে ধারণা পোষণ করেন, তার মধ্যে শীর্ষে রয়েছে পুলিশ এবং রাজনৈতিক দল (৯৩% উত্তরদাতার মতে, এ দুটি প্রতিষ্ঠান কোনো না কোনো মাত্রায় দুর্নীতিগ্রস্ত)। এর পরই রয়েছে বিচার বিভাগ (৮৯% উত্তরদাতা মনে করেন, এটি কোনো না কোনো মাত্রায় দুর্নীতিগ্রস্ত)। বিবৃতিতে আরও বলা হয়, ব্র্যাক সেন্টার মিলনায়তনে ৯ জুলাই সংবাদ সম্মেলনে এটিই উপস্থাপন করা হয়েছে। টিআই বাংলাদেশের ওয়েবসাইটেও এটি পাওয়া যাবে। প্রদত্ত তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, উত্তরদাতাদের মধ্যে পুলিশের ক্ষেত্রে ৬৪%, রাজনৈতিক দলের ক্ষেত্রে ৪৫% এবং বিচার বিভাগের ক্ষেত্রে ৫৩% মনে করেন যে প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে (বেশ বা খুব বেশি মাত্রায়) রয়েছে। ব্র্যাক সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনেও তা-ই বলা হয়েছে। কিন্তু টিআই তার ওয়েবসাইটে এগুলোকেই কেবল দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করায় সংশ্লিষ্ট সবার মধ্যে ভুল-বোঝাবুঝির অবকাশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে টিআইর সঙ্গে টিআইবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি তারা অবিলম্বে সংশোধন করার ব্যবস্থা করবে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, টিআইবি প্রকাশিত ফলাফলের মধ্যে কোনো ভুলভ্রান্তির অবকাশ নেই। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই টিআইবি তার প্রতিবেদন প্রকাশ করেছে।