বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা অব্যাহত রাখবে। রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উইলিয়াম বার্নস এ কথা বলেছেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ২৯ জুন ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে বার্নসের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। বার্নস সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির জন্য বাংলাদেশের প্রশংসা করেন। সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে একটি কঠিন কাজ হিসেবে আখ্যায়িত করে সামনের দিনগুলোতে তিনি বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।পরিবেশ পরিবর্তনজনিত চ্যালেঞ্জের কথা তুলে ধরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব এ চ্যালেঞ্জের কারণে সবচেয়ে নাজুক দেশগুলোয় বিরাজমান ঝুঁকি মোকাবিলায় আশু পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে তিনি পরিবেশগত বিপর্যয়ের কারণে মানুষের আবাসস্থল পরিবর্তনসহ উদ্ভূত বহুমাত্রিক সমস্যার কথা তুলে ধরেন।