বাংলাদেশ সন্ত্রাসবাদ নির্মূলের কাজ অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার দেশ থেকে সন্ত্রাস নির্মূলের কাজ অব্যাহত রাখবে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলার ইস্যুতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।’ তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাসবাদ নির্মূল করতে ক্ষমতা গ্রহণের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় জঙ্গিবাদ মাথাচাড়া দেয়।বৈঠককালে তাঁরা জলবায়ু পরিবর্তন তহবিল বাস্তবায়ন এবং দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্রিটিশ বিনিয়োগ ত্বরান্বিত করাসহ দ্বিপক্ষীয় সহযোগিতা প্রশ্নে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।স্টিফেন ইভান্স প্রধানমন্ত্রীকে অবহিত করেন, উপকূলে গ্যাস অনুসন্ধান এবং সরবরাহ লাইন স্থাপনসহ ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাস খাতে বিনিয়োগে আগ্রহী। যুক্তরাজ্য সরকারের সদ্যঘোষিত অভিবাসন নীতি উল্লেখ করে ইভান্স আরও বলেন, এর ফলে বাংলাদেশের দক্ষ জনশক্তির যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। মুক্তা চাষের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মুক্তা চাষের উন্নয়নে দ্রুত প্রকল্পভিত্তিক কর্মসূচি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশে মুক্তা চাষ: বর্তমান অবস্থা, সমস্যা ও করণীয়’র ওপর পাওয়ার পয়েন্টে তথ্য উপস্থাপনকালে এ নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।