বাংলাদেশ সফর শেষে ফারাহ পণ্ডিতের আজ ঢাকা ত্যাগ
যুক্তরাষ্ট্র সরকারের মুসলিম সম্প্রদায়ের বিশেষ প্রতিনিধি ফারাহ আনোয়ার পণ্ডিত তিন দিনের বাংলাদেশ সফর শেষে আজ সোমবার ঢাকা ত্যাগ করবেন। মুসলিম সম্প্রদায়ের তরুণ সমাজ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেতুবন্ধন স্থাপনের লক্ষ্যে ১২ নভেম্বর তিনি ঢাকায় আসেন।তিন দিনের সফরের প্রথম দিনে ফারাহ পণ্ডিত টাঙ্গাইলে একটি পাঠচক্রের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিন ঢাকার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রেণীকক্ষে গিয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। গতকাল রোববার ফারাহ পণ্ডিত সুশীল সমাজ ও মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন। দিনের শেষে তিনি গুলশানে মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মুসলমান ফারাহ পণ্ডিত এবারই প্রথম মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের দায়িত্ব পেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।