চীনের ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং তিন দিনের সফরে ২৮ আগস্ট ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কিন গুয়াংরং ঢাকায় আসছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। গত মার্চে শেখ হাসিনা ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফরের সময় কিন গুয়াংরংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সূত্র জানায়, সড়ক ও রেলপথে এশীয় মহাসড়কে যুক্ত হওয়ার অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে চীনের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার, যার ধারাবাহিকতায় এ বছর দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের সফর বিনিময় হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের গভর্নর ঢাকায় আসছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে জানান, ঢাকা সফরের সময় চীনের দক্ষিণাঞ্চলের প্রদেশটির গভর্নর কিন গুয়াংরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলবেন। ওই বৈঠকগুলোতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি প্রাধান্য পাবে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউনান প্রদেশের পক্ষ থেকে কৃষি, শিক্ষা, জ্বালানি, পর্যটন ও মৈত্রী প্রদেশ প্রতিষ্ঠাসংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ইউনান প্রদেশের গভর্নরের বাংলাদেশ সফরের সময় ওই সমঝোতা স্মারক যাতে সই করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নিতে ঢাকায় চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। সমঝোতা স্মারকের বিষয়বস্তু: ইউনান প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২০১১ সাল থেকে বাংলাদেশের ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ওই বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়াও থাকা-খাওয়ার খরচ, চিকিৎসা বিমা ও আসা-যাওয়ার বিমান ভাড়া দেওয়া হবে। এ ছাড়া নিজেদের টাকায় প্রদেশটিতে পড়বে এমন প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে কৃতী প্রথম পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণার জন্য চীনা দার্শনিক কনফুসিয়াসের নামে বাংলাদেশে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত আছে ইউনান প্রদেশের শিক্ষাসংক্রান্ত সমঝোতা স্মারকের প্রস্তাবনায়।পর্যটনসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি মেলার আয়োজন, দুই দেশের পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া ছাড়াও পর্যটনের বাজারের বিষয়ে তথ্য আদান-প্রদানের বিষয় উল্লেখ রয়েছে।চট্টগ্রাম ও ইউনানের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়তে মৈত্রী প্রদেশের প্রস্তাব দিয়েছে চীনের দক্ষিণাঞ্চলীয় ওই প্রদেশটি। খসড়া প্রস্তাবে বলা আছে, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, পর্যটন, ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম ও ইউনান একে অন্যকে সহায়তা করবে। মন্ত্রী পর্যায়ের নেতার সফর: চীনের মন্ত্রিসভার অধীনে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নবিষয়ক দপ্তরের পরিচালক ফান ঝিয়াওজিয়ান ২০ আগস্ট সাত দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের বিষয়ে খোঁজখবর নিতে চীনের মন্ত্রী পর্যায়ের এ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন। তিনি গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক পরিচালিত প্রকল্প ঘুরে দেখবেন। এর পাশাপাশি তিনি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন।