বাংলাদেশ সফরে আসছেন নয় দেশের ২০ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন নয় দেশের ২০ জন সাংবাদিক। ২৮ মে থেকে আগামী ২ জুন পর্যন্ত তাঁরা বাংলাদেশে থাকবেন। এ সময় তাঁরা সুন্দরবন, মংলা বন্দরসহ বিভিন্ন স্থান দেখবেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভিজিট বাংলাদেশ প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়া, চীন, ইরান, ওমান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের সাংবাদিকেরা এই সফরে আসছেন। সফরকালে তাঁরা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং গাজীপুরের স্কয়ার ফার্মা ঘুরে দেখবেন তাঁরা। ঢাকার বাইরে তাঁরা মংলা বন্দর এবং সুন্দরবন সফরেও যাবেন। এই সফরে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের আয়োজন করেছে। এর আগে মার্চ মাসেও বিদেশি সাংবাদিকদের আরেকটি দল বাংলাদেশ সফর করে।