বাংলাদেশ সফরে ভারতের বিমানবাহিনী প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকেশ কুমার সিং ভদৌরিয়া

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া আজ শনিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ সফরের সময় তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমানঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ উপলক্ষে কমিশন প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে কোনো ভারতীয় বিমানবাহিনী প্রধান প্যারেড পরিদর্শনের অনন্য সম্মান অর্জন করবেন, যা দুই বিমানবাহিনীর পারস্পরিক সম্পর্কের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা ও বিশ্বাসের প্রতিফলন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।