বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী পরিষদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএআইডি) উপপ্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মার্কিন উপ সহকারি পররাষ্ট্রমন্ত্রী স্কর্ট টার্নার তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন। এ ছাড়া জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরনের ভাইস প্রেসিডেন্ট জে প্রায়রের নেতৃত্বে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে শনিবার ঢাকায় এসেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএআইডির উপপ্রশাসক ও সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁদের সফরের শুরুতেই শনিবার কক্সবাজারে গেছেন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়ার পর তাঁরা কেমন আছে, সেটিও সরেজমিনে দেখার কথা দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার। মূলত রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তার বিষয়ে তাঁরা সরেজমিন পরিস্থিতি দেখার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, আন্তর্জাতিক সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইউএসএআইডির উপপ্রশাসক ইসোবেল কোলম্যান ও সহকারী মার্কিন উপ সহকারি পররাষ্ট্রমন্ত্রী স্কর্ট টার্নারের বাংলাদেশ সফরে রোহিঙ্গা সমস্যার বিষয়টি গুরুত্ব পেলেও দুই দেশের সহযোগিতার নানা বিষয় নিয়ে তাঁরা এ সময় আলোচনা করবেন।

এ দিকে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ ব্যবসায়ী পরিষদ শনিবার তাদের টুইটে জানিয়েছে, শেভরনের ভাইস প্রেসিডেন্ট জে প্রায়রের নেতৃত্বে পরিষদের নির্বাহী কমিটির প্রথম প্রতিনিধিদল ৮ থেকে ১১ মে বাংলাদেশ সফর করছে। বাংলাদেশে সফররত দলটিতে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আর্থিক প্রযুক্তি, স্বাস্থ্য, পানীয়, খাবার, কৃষিপণ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। বাংলাদেশ সফরের সময় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে।

ইসোবেল কোলম্যান
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফররত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের প্রতিনিধিদলটিতে শেভরন ছাড়াও এক্সনমোবিল, জিই, মাস্টারকার্ড, ভিসা, মেটলাইফ, এমবট, বেল, উবার, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া সফররত ব্যবসায়িক প্রতিনিধিদলটির দুটি ব্যবসায়ী সেমিনারে মতবিনিময়ের কথা রয়েছে।