বাংলাদেশ সফরে সাময়িক নিষেধাজ্ঞা কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*কূটনীতিকদের আজ ব্রিফ করবে সরকার * জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের চলাফেরায় সতর্কতা

এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় ঢাকায় জাইকার সঙ্গে যোগাযোগ করা হলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে কার্যক্রম স্থগিত করা কিংবা কর্মকর্তাদের প্রত্যাহারের কোনো তথ্য আমাদের জানা নেই।’

এদিকে গুলশানের সন্ত্রাসী হামলায় দেশি-বিদেশি নাগরিকদের নৃশংস হত্যার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিরাপত্তাসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ ও পরবর্তী করণীয় সম্পর্কে আজ মঙ্গলবার সকালে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশ কী ভাবছে, তা-ও জানার চেষ্টা থাকবে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতামন্ত্রী পাওলো জেন্তিলোনি গুলশানের বিয়োগান্ত ঘটনার পর টোকিও এবং রোমের কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতায় সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। তিনি গতকাল জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদাকে ফোন করে এ বিষয়ে কথা বলেছেন। জি-৭-ভুক্ত দেশের সদস্য হিসেবে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের ওপর গুরুত্ব দিয়েছেন পাওলো জেন্তিলোনি ও ফুমিও কিশিদা। তথ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ শুরু হতে পারে বলে তাঁরা মত দেন।

সতর্কতা জাতিসংঘের: গুলশানের জঙ্গি হামলার পর বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশি কর্মকর্তাদের বিশেষ সতর্কতা জারি করেছে জাতিসংঘ। গত রোববার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর আয়োজিত এক বৈঠকের পর এ নিয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। জাতিসংঘের নিরাপত্তাবিষয়ক বিভাগের জারি করা এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশি কর্মকর্তাদের ঢাকার বাইরে যাওয়া স্থগিত, রাজধানীর দুটি পাঁচ তারকা হোটেল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাড়া অন্য কোথাও অনুষ্ঠান আয়োজন না করা এবং বিদেশি কর্মকর্তা তাঁদের পরিবারের সদস্যদের নৈশ ক্লাবসহ জনসমাগমের স্থলে যেতে নিষেধ করা হয়েছে।

জাইকাসহ জাপানের প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ: কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাইকা প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা গত রোববার টোকিওতে এক শোকসভায় ঢাকার ঘটনা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বাংলাদেশে কার্যক্রম নিয়ে ভেবে দেখতে হবে।

জাইকা প্রেসিডেন্টের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ঢাকায় সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, তিনি হতাশ হয়ে এ বক্তব্য দিলেও জাইকার বাংলাদেশে কার্যক্রম স্থগিত করা কিংবা কর্মকর্তাদের প্রত্যাহারের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে গত বছর রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি নৃশংসভাবে খুন হওয়ার পর জাইকার স্বেচ্ছাসেবীদের প্রত্যাহার করা হয়। সম্প্রতি বাংলাদেশের বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের জন্য জাপানের বিনিয়োগকারীদের উৎসাহিত করে আসছিল জাইকা। গুলশানের ঘটনার পর নিরাপত্তার কারণে জাপানের বিনিয়োগকারীরা এখানে আসতে নিরুৎসাহিত হতে পারেন।

কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের পদক্ষেপ: গতকাল দৈনিক জাপান টাইমস-এর এক খবরে বলা হয়েছে, ঢাকার শুক্রবারের সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের উৎপাদনের ওপর নির্ভরশীল বেশ কিছু জাপানি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাংলাদেশ পাঠানো স্থগিত করেছে। জাপানি ব্র্যান্ড ইউনিক্লোর কর্মীদের জুলাইয়ের শেষ পর্যন্ত ঢাকা সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাপানের নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা করপোরেশন গত বছরের জুনে ঢাকায় দপ্তর চালু করে। গুলশানের হামলার পর ১০ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের কর্মীদের বাংলাদেশ সফর করতে নিষেধ করা হয়েছে। মিতসুবিশি মোটরসসহ অন্য জাপানি প্রতিষ্ঠানগুলোও তাদের কর্মীদের বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

বিবিসি বলেছে, বর্তমানে প্রায় ২৪০টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে।

জাপানের দৈনিক আশাহি শিম্বুন-এর এক খবরে বলা হয়েছে, গুলশানের হামলার কারণে কোবেভিত্তিক অলাভজনক সাহায্য সংস্থা কানসাই বাংলাদেশ তাদের বাংলাদেশ সফর কিছু সময়ের জন্য স্থগিত করেছে। তিন দশক ধরে সংস্থাটি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ ও শিশুশিক্ষায় সহায়তা দিয়ে আসছে।

এদিকে এনপিও নামের জাপানের একটি অলাভজনক সংস্থা গুলশানে হামলার পর বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকতে টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে।

রয়টার্সের এক খবরে বলা হয়, সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম গত রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সম্পর্কে বলেছে, ‘পোশাক তৈরির উৎস দেশ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তবে আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করব।’