বাংলাদেশ সফরের প্রতীক্ষায় মোদি: ভারতের পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদেশের উন্নয়ন ও কল্যাণে কয়েকটি ভালো ফলাফল ও সুনির্দিষ্ট প্রস্তাবসহ বাংলাদেশ সফরের প্রতীক্ষায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রসচিব (বহু পাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক) সুজাতা মেহতা আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দেন। খবর বাসসের।

সুজাতা মেহতা বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশকে সেকেন্ড লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় আরও ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার নতুন প্রস্তাব প্রসঙ্গে সুজাতা বলেন, ‘এর অধীনে আমরা আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারি।’

ভারতের পররাষ্ট্রসচিব জানান, ভারতের আরও তিন থেকে চারটি কোম্পানি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিনিয়োগ অথবা সরাসরি বিদ্যুৎ ক্রয় করতে পারে। তিনি বলেন, দুদেশের মধ্যে একটি ‘সোলার জোট’ গঠন করা যেতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে। এই দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ উভয় দেশের উন্নয়ন ও কল্যাণে বিশেষ করে গ্রামীণ দরিদ্র মানুষের জন্য আরও অনেক কিছু করতে পারে।

শেখ হাসিনা দারিদ্র্যকে এ অঞ্চলের অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে তা বিমোচনে এবং ধনী ও গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে এক সঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী পানি বণ্টনে আরও উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে যুক্ত করে আরও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব তাঁর সরকারের পক্ষ থেকে ইতিবাচক জবাব দেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

সুজাতা মেহতা চলমান বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় খুঁজে দেখতে রোববার তিন দিনের সফরে ঢাকা পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন যুগ্ম সচিব (উন্নয়ন অংশীদার প্রশাসন) অলক কুমার সিনহা এবং যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন।