বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। আর তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি সব সময় সমর্থন থাকবে বাংলাদেশের। ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গতকাল বৃহস্পতিবার এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফেরার পথে ঢাকায় এক ঘণ্টার যাত্রাবিরতি করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাসকে বহনকারী বিশেষ বিমানটি গতকাল বেলা তিনটার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের টারমার্কে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান। প্রায় ৩০ মিনিটের আলোচনার সময় দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগত দাবির ব্যাপারে বাংলাদেশ সব সময় উচ্চকণ্ঠ। ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়েছে। একটি শান্তিকামী দেশ হিসেবে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা নদীমাতৃক বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী নৌকার ছবিসংবলিত চিত্রকর্ম ফিলিস্তিনি প্রেসিডেন্টকে উপহার দেন। আর ফিলিস্তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেন জেরুজালেমের চিত্রকর্ম।ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বিকেল চারটায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।