বাংলাদেশ সমুদ্রজয়ের পর মিয়ানমারে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন হচ্ছে। সেখানে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে ভাসছে রোহিঙ্গাদের লাশ। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কঠোর প্রতিবাদ জানাতে হবে। গতকাল বুধবার কুমিল্লায় আয়োজিত মানববন্ধনে মুহিউসসুন্নাহ উলামা পরিষদের নেতারা এসব কথা বলেন। বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে ওই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক মোস্তফা মাহমুদী, সদস্য সচিব ইসহাক নাগরী, সদস্য মনির হোসেন, সুলতান আহমেদ, ফরিদ আহমেদ ও জোহায়ের। মোস্তফা মাহমুদী বলেন, মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে দ্রুত মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। কক্সবাজারের বিভিন্ন জায়গায় অবস্থানরত সব মুসলমান রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ জন্য জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনকে ভূমিকা রাখতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।