বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে গণতন্ত্রের খোলস আছে, প্রাণ নেই। হালুয়া-রুটির রাজনীতিতে দুর্নীতির বিচার নেই। দুই লাখ দুর্নীতির ঘটনা ঘটলে দুটির বিচার হয়। গণতন্ত্রের নামে এখানে আছে নির্বাচিতদের স্বেচ্ছাচার।’দেশের গণতন্ত্র, দুর্নীতি, সুশাসন এবং সেই সঙ্গে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এভাবে হতাশা প্রকাশ করার পরও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের আশাবাদী উচ্চারণ, ‘বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই।’ এত নেতিবাচকতার মধ্যেও আশা খুঁজে পাওয়ার যৌক্তিক কারণও ব্যাখ্যা করেন এই অর্থনীতিবিদ। ভরসার কারণ, দেশের গরিব মানুষের সৃজনশীলতা আর মোট জনগোষ্ঠীর মধ্যে গরিষ্ঠ তরুণ জনগোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সম্মেলনের দ্বিতীয় দিনের বৈকালিক অধিবেশনে এভাবে বিদ্যমান বাস্তবতা আর ভবিষ্যতের ইঙ্গিত দিলেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সম্মেলনে ‘গণতন্ত্র, সুশাসন ও তারুণ্য’ বিষয়ে মূল আলোচক ছিলেন তিনি।গণতন্ত্রের যখন এই দৈন্যদশা, তবে কি এর বিকল্পের সন্ধান দরকার? আকবর আলি খান বললেন, গণতন্ত্রের বিকল্প যা আছে, তা গণতন্ত্রের চেয়েও খারাপ। তিনি বলেন, ‘সামরিক শাসনামলে আমাদের দেশে ব্যাপক দুর্নীতি ছিল। দুর্নীতি এখনো আছে। তবে এখন দুটি কথা বলতে পারি। কিন্তু সামরিক শাসনের আমলে তা বলা যেত না।’ তরুণসমাজকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে টিআইবি পরিচালিত একটি কর্মসূচি হলো ইয়েস। অধিবেশনে অংশ নেওয়া চার শতাধিক তরুণের সামনে আকবর আলি খান বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা থাকার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের শাসকেরা যা-ই হোক না কেন, মানুষের সৃজনশীলতার জন্যই এটুকু সম্ভব হয়েছে।’আকবর আলি খান তিনটি বিশেষ শ্রেণীকে বাংলাদেশের উন্নয়নের প্রধান অনুঘটক হিসেবে চিহ্নিত করেন। ওই তিনটি শ্রেণী হলো বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক, কৃষক ও নারী।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘অনেকে বলেন, বিদেশে শিক্ষিত লোক পাঠালে আরও অর্থ আসত। আমি মনে করি, শিক্ষিত লোকেরা টাকা পাঠাতেন না।’ অধিবেশনে সঞ্চালকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্র ও সুশাসন নিয়ে হতাশার কারণ থাকলেও আশার দিক হচ্ছে বিরাট তরুণসমাজ। তারা আছে বলেই দেশ টিকে আছে।’ অন্যান্য অধিবেশনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের প্রমুখ।