বাংলাদেশ সম্প্রীতি ও শান্তির দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ সম্প্রীতি ও শান্তির দেশ। এ দেশের বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ পরস্পরের আচার-সংস্কৃতি আত্মস্থ করে নিয়েছে। তাই তারা অসাম্প্রদায়িক ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’গতকাল শুক্রবার সকালে সিলেট নগরের কাজলশাহ এলাকার শ্রী রাধামাধব (ইসকন) মন্দিরে তিনি এ কথা বলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসলীলার ৫০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১৮ দিনব্যাপী উত্সবের উদ্বোধনী দিনে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন উত্সব উদ্যাপন কমিটির সভাপতি শ্রীনিবাস দে। শুরুতেই প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের নবদ্বীপের চৈতন্য সহচর নিত্যানন্দের বংশধর প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বনির্ম্বাক পরিষদের প্রতিষ্ঠাতা বৃন্দাবন বিহারি দাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন ইসকন সিলেটের সভাপতি নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ধর্মপ্রচারক মনোজ বিকাশ দেব রায়।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলা ১১টায় কাজলশাহ এলাকা থেকে ৫০১টি মৃদঙ্গ (ঢোল) বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।