বাংলাদেশ সম্ভাবনাময় দেশ সমন্বয়হীনতা বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চূড়ান্ত বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে। বাণিজ্য ভারসাম্য যতটুকু আছে, সেটা রয়েছে মালয়েশিয়ার পক্ষে—এ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ ভারসাম্যহীনতা কাটানোর জন্য দুই দেশের জোর প্রচেষ্টার কথা বললেন।
বাণিজ্য ভারসাম্যহীনতার কথা স্বীকার করে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওথম্যান বলেন, বাংলাদেশ অসম্ভব সম্ভাবনাময় একটি দেশ। তবে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়হীনতা আছে। এ দেশের নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আকর্ষণ করাটা এখানে কঠিন। যোগাযোগ পরিকাঠামোর দুর্বলতা একটা বড় কারণ। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে কিছু নেতিবাচক ধারণাও দায়ী।
গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত দেশভিত্তিক ধারাবাহিক আলোচনায় প্রধান বক্তা হিসেবে রাষ্ট্রদূত নরলিন এসব প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এ ছাড়া আসিয়ান জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হলো মালয়েশিয়া।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘এ দেশে নতুনদের বিনিয়োগে উৎসাহিত করা বেশ কঠিন। এখানে মশা, পানিবাহিত রোগ, যানজট এবং বিদ্যুতের সমস্যার কারণে আমার বন্ধুরাও আসতে চান না।’ তবে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক প্রচারণা আছে বলে মনে করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত। তাঁর কথা, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভালো দক্ষতা আছে। তবে সেটির প্রচার নেই। বরং দুর্যোগের দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি আছে। বাংলাদেশের সক্ষমতাগুলো সম্পর্কে বহির্বিশ্বে ইতিবাচক প্রচারের ওপর জোর দেন তিনি।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাণিজ্যঘাটতি থাকলেও সম্প্রতি এর কিছু উন্নয়ন হয়েছে। গত বছর বাংলাদেশ থেকে ৮৫ শতাংশ রপ্তানি বেড়েছে। তা সত্ত্বেও ১২৩ কোটি ডলার পিছিয়ে আছে বাংলাদেশ। পণ্য রপ্তানির ক্ষেত্রে আরও বৈচিত্র্য আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান তিনি।
বিসের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল শফিউদ্দিন আহমেদ।