বাংলাদেশ সরকারকে তথ্য দিয়েছে গুগল
অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশের সরকারকে তথ্য দিয়েছে গুগল। ইন্টারনেটের জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন তাদের নয়টি অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছে।
গত সোমবার গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে গুগলের কাছে তথ্য চেয়ে যে অনুরোধ পাঠানো হয়, তা জনগণকে জানাতে ওই প্রতিবেদন প্রকাশ করে গুগল।
গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদন অনুযায়ী, এই প্রথমবারের মতো গুগলের কাছে বাংলাদেশ থেকে কোনো অনুরোধ পাঠানো হয়েছে। সেই অনুরোধে গুগল সাড়াও দিয়েছে। গত বছরের শেষ ছয় মাসে মোট দুবার গুগলকে অনুরোধ জানানো হয়। এর মধ্যে একবার তিনটি অনুরোধে চারটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, যা গুগলের পক্ষ থেকে দেওয়া হয়নি। পরে চারটি অনুরোধে নয়টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে তা সরবরাহ করে গুগল। এই চারটি অনুরোধকে গুগল বলছে ‘ইমারজেন্সি ডিসক্লোজার রিকোয়েস্ট’ আর প্রথম তিনটি ছিল ‘লিগ্যাল রিকোয়েস্ট’।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে গুগলের কাছে তথ্য চাওয়ার হার রেকর্ডসংখ্যক বেড়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর—এই ছয় মাসের তথ্য প্রকাশ করা হয়েছে গুগলের ওই প্রতিবেদনে। প্রতিবেদনে গুগল বলেছে, ২০১৫ সালের শেষ ছয় মাসে গুগলের কাছে ৪০ হাজার ৬৭৭টি অনুরোধে ৮১ হাজারের বেশি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ২০১৫ সালের প্রথম ছয় মাসে ৩৫ হাজার অনুরোধে ৬৯ হাজার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল।
গুগল কর্তৃপক্ষের ভাষ্য, ‘আমাদের সেবা ব্যবহার প্রতিবছর বাড়ছে। একই সঙ্গে ব্যবহারকারীর তথ্য চাওয়ার পরিমাণও। তবে ৬৪ শতাংশ ক্ষেত্রে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।’