বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদের একগুচ্ছ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলো পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনার জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ।
গতকাল শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘সংবাদপত্রের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এক সেমিনারে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। প্রেস কাউন্সিলের উদ্যোগে সাপ্তাহিক পত্রিকা পরিষদ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আয়োজকদের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মোরশেদ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক পত্রিকা পরিষদ মনোনীত অন্তত দুজন সদস্যকে প্রেস কাউন্সিলের সদস্য করা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন কমিটিতে অন্তত একজন সদস্য অন্তর্ভুক্ত করা, সাপ্তাহিক পত্রিকায় সরকারি বিজ্ঞাপন মূল্য ১০ গুণ বাড়ানো, সাপ্তাহিক পত্রিকায় ছাপানোর জন্য জাতীয় দিবসগুলোতে ক্রোড়পত্রের বরাদ্দ রাখা, বিজ্ঞাপনের মূল্য থেকে সার্ভিস চার্জ বাদে সব ধরনের কর রেয়াতের ব্যবস্থা করা, প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিক নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, সাংবাদিকদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করা ইত্যাদি।
প্রস্তাবগুলোর বিষয়ে সেমিনারের প্রধান অতিথি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রেস কাউন্সিলের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো করা হবে। বাকিগুলো আমি সরকারকে জানাব।’
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সদস্য আকরাম হোসেন খান, সচিব শ্যামল চন্দ্র সরকার, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন সাপ্তাহিক পত্রিকা পরিষদের সভাপতি রিন্টু আনোয়ার।