রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য প্রতীক। বাংলাদেশে প্রতিটি সামাজিক ও ধর্মীয় উৎসব সবার উৎসবে পরিণত হয়। কারণ, ধর্মমত-নির্বিশেষে সব মানুষ এতে যোগ দেয়। রাষ্ট্রপতি গত শনিবার সকালে বঙ্গভবনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, মহানগরের গণ্যমান্য ব্যক্তিরা এবং কূটনীতিকদের জন্য এ সংবর্ধনার আয়োজন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ও প্রতিমন্ত্রীরা, চিফ হুইপ অন্যান্যের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারকেরা, প্রধান নির্বাচন কমিশনার, সাংসদরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সচিবেরা, সম্পাদকেরা, শিক্ষাবিদেরা, সিনিয়র সাংবাদিকেরা, ব্যবসায়ী প্রতিনিধিরা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।