বাংলাদেশ-সিঙ্গাপুর একযোগে লড়বে সন্ত্রাসের বিরুদ্ধে
সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সম্মত হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। একই সঙ্গে নিজেদের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতেও রাজি হয়েছে দেশ দুটি। গত বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ‘দ্বিতীয় পররাষ্ট্র দপ্তরের আলোচনায়’ এসব বিষয়ে মতৈক্য হয়। খবর ইউএনবির।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব এম শহিদুল হক। আর সিঙ্গাপুরের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আলবার্ট চুয়া। দুই দেশের হাইকমিশনার, বিদ্যুৎ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
দিনব্যাপী আলোচনায় দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রসচিব সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের কোনো আপস না করার নীতির কথা উল্লেখ করেন। উভয় পক্ষই এ বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
বিদ্যুৎ খাতে সিঙ্গাপুরের চলমান বিনিয়োগকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রসচিব শহিদুল হক বিদ্যুৎ বণ্টন খাত ও তথ্যপ্রযুক্তিতে আরও বিনিয়োগের আহ্বান জানান। সিঙ্গাপুর খুবই ইতিবাচকভাবে এ আহ্বানের জবাব দেয়। দুই দেশের তথ্যপ্রযুক্তি কর্তৃপক্ষের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেয় দেশটি।