বাংলাদেশ সীমানায় মৎস্য জরিপের কাজ নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মৎস্যসম্পদ জরিপের কাজ আগামী নভেম্বর থেকে শুরু হবে। এ কাজের জন্য মালয়েশিয়া থেকে আর ভি মিন সন্ধানী নামের একটি আধুনিক প্রযুক্তির গবেষণা ও জরিপ জাহাজ ৯ জুন চট্টগ্রামে এসে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, নভেম্বরে সাগরের আবহাওয়া অনুকূল থাকবে। সে সময়ে বাংলাদেশের সমুদ্রসীমানায় ভাসমান ও তলদেশে কী পরিমাণ মাছ রয়েছে, সে বিষয়ে জরিপ চালানো হবে। এ কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও জানান, ১৯৭৩ সালে রাশিয়ার ট্রলারের মাধ্যমে সমুদ্রে ভাসমান ও তলদেশে মজুত মাছের পরিমাণ জানতে জরিপ চালানো হয়েছিল। এরপর আর কোনো জরিপ হয়নি।
সরকারি দলের অপর সাংসদ সফুরা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারের ৮৩ হাজার ৫২৪ টন মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে হিমায়িত চিংড়ির পরিমাণ ৪৪ হাজার ২৭৮ টন।

নকলনবিশদের চাকরি স্থায়ী হচ্ছে
জাতীয় পার্টির সাংসদ জিয়াউল হক মৃধার এক প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, কর্মরত নকলনবিশদের চাকরি স্থায়ীকরণসহ স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য অতি অল্প সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
সরকারি দলের সাংসদ সেলিনা বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩। এর মধ্যে দেওয়ানি মামলা ৮৭ হাজার ৯৬৪ এবং ফৌজদারি মামলা ২ লাখ ৪১ হাজার ১৫, রিট মামলা ৬৩ হাজার ২৫০ এবং আদিম মামলা ৭ হাজার ৭৪টি।

শূন্য পদ তিন লাখের বেশি
সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩। তাঁদের মধ্যে নারী ৩ লাখ ২৮ হাজার ৩১১ জন। শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১।

যৌথ নদী কমিশনের বৈঠক
জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১০ সালের ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত। সেটি ছিল ৩৭তম বৈঠক। তবে এই সময়ের মধ্যে সচিব পর্যায়ে তিনটি, গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন বিষয়ে গঠিত যৌথ কমিটির ১৮টি, যৌথ নদী কমিশনের কারিগরি পর্যায়ে আটটি, টিপাইমুখ নিয়ে কমিশনের সাব-গ্রুপের তিনটি ও জয়েন ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রশ্নোত্তরের আগে বেলা পৌনে ১১টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।